যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আয়নুল হোসেন। কিন্তু ত্রাণ বা কল্যাণকর্মীর ভূমিকায় না নেমে তিনি উল্টো এক প্রতিবেশীর বাড়ি দখলের চেষ্টায় নেমে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মিরপুরের ১১ নম্বর সেকশনের ৫ নম্বর অ্যাভিনিউর সি ব্লকের ১৫/১, ৮/এ নম্বর বাড়িটি ২৬ জুলাই শনিবার রাতে দখল করতে আসেন আয়নুল—এমন অভিযোগ করেছেন বাড়ির মূল মালিক হিসেবে দাবিদার আওলাদ হোসেন, তাঁর ছোট ভাই স্বাধীন হোসেন এবং বড় বোন নাজমা বেগম।
তাঁদের অভিযোগ, দুই কাঠা আয়তনের ওই বাড়িটি ১২ বছর আগে হারুন নামের এক ব্যক্তির কাছ থেকে তাঁরা কিনেছিলেন। এর পর থেকেই একতলা বাড়িটি নিজের বলে দাবি করেন আয়নুল হোসেন। বিভিন্ন সময় ওই বাড়ি সংস্কারের কাজ শুরু করলেই বাধা দিয়েছিলেন আয়নুল। তাঁর রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘ এক যুগেও বাড়িটির সংস্কারকাজ শুরু করতে পারেননি আওলাদ হোসেন এবং তাঁর ভাই-বোনেরা।
আয়নুল বাড়ির মালিকানা দাবি করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
স্বাধীন হোসেন জানান, আদালতের রায় তাঁদের পক্ষে আসে। এর পরও বাড়িটি দখলের চেষ্টায় থাকেন আয়নুল।
এবারের বর্ষায় বাড়ির সামনের সড়কটি পানিতে ডুবে যায়। রাস্তার পানি বাড়িতে ঢুকে পড়ে। তাই মাস খানেক আগে পাশের অন্য একটি বাসা ভাড়া নিয়ে বাড়িটির সংস্কার কাজ শুরু করেন স্বাধীন হোসেন। ভাড়া বাসায় থাকলেও প্রতিদিন রাতের বেলা স্বাধীন তাঁর স্ত্রী ঝরনা বেগমকে নিয়ে এ বাসায় থাকতেন।
স্বাধীন হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, গত শনিবার রাত দুইটার দিকে ওই বাড়িতে লোকজন নিয়ে হামলা করেন আয়নুল হোসেন। আয়নুলের নেতৃত্বে এ সময় তাঁরা স্বাধীন ও তাঁর স্ত্রীকে মারধর করেন।
গতকাল রোববার এ ঘটনায় আয়নুল হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেছেন স্বাধীন হোসেন। তবে আয়নুলকে এখনো গ্রেপ্তার করা হয়নি। স্বাধীন হোসেনের অভিযোগ, গ্রেপ্তার না করায় আয়নুল উল্টো তাঁদের বিরুদ্ধে পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশও আয়নুলের পক্ষ নিয়ে বাড়ির কাজ বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
অভিযোগ সম্পর্কে আয়নুল হোসেন জানান, বাড়িটি ২০০১ সালে ওয়াহেদ মোল্লা নামের এক ব্যক্তির কাছ থেকে চার লাখ ৭০ হাজার টাকায় তিনি কিনেছিলেন। কাগজপত্র তাঁর পক্ষেই রয়েছে।
বাড়িটি দখলের চেষ্টা প্রসঙ্গে আয়নাল হোসেন বলেন, ‘মারামারি না, তবে একটু দৌড়াদৌড়ি হয়েছিল।’
আয়নাল নিজেই জানান, ১১ নম্বর সেকশনের সি ব্লকের ওই রোডে তাঁর মোট পাঁচটি বাড়ি ছিল। এসব বাড়ির জমির পরিমাণ ১৭ শতক। এর মধ্যে বিগত বিএনপি সরকারের সময় তিনি ‘চাপের মধ্যে’ দুটি বাড়ি বিক্রি করেছেন।
কীভাবে এত বাড়ি মালিক হলেন?—এমন প্রশ্নের জবাবে আয়নুল হোসেন বলেন, ‘আরে ভাই বুঝলেন না, তখন তো এসব জায়গা তো পানির দামে বিক্রি হইছে।’