যুবলীগ নেতার বিরুদ্ধে সাব-রেজিস্ট্রারের জিডি
বগুড়ার ধুনট উপজেলায় সমিতির নামে চাঁদা আদায় ও সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় যুবলীগের স্থানীয় এক নেতা সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার নজরুল ইসলাম গত রোববার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ধুনট সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে জানা গেছে, যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সমিতির নামে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ ওঠে। পরে নজরুল ইসলাম সাইদুলকে চাঁদা আদায় করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৩ জুন বিকেলে সাইদুল ইসলাম সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঢুকে নজরুল ইসলামকে তাঁর কাজে বাধা দেন এবং গালিগালাজ করে হত্যার হুমকি দেন।
নজরুল ইসলাম বলেন, সমিতির নামে জনসাধারণের কাছ থেকে চাঁদা আদায় করা অবৈধ। সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে সমিতির নামে প্রতিটি দলিলের জন্য এক থেকে দুই হাজার টাকা চাঁদা আদায় করছিলেন। তাই তিন তাঁকে নিষেধ করেন। অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে সাইদুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, ‘সাব-রেজিস্ট্রার সরকারের নির্ধারিত মূল্যে না ধরে স্বল্পমূল্যে জমির দলিল করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমি এর প্রতিবাধ কারায় সাব-রেজিস্ট্রার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।’
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।