যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবলীগের সদস্য মিরাজ খন্দকারের (৩২) মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার রায়পুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাঁর পরিবারের দাবি, মিরাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উপজেলার দোনারচর গ্রামের মিরাজ ২০১১ সালে দুষ্কৃতকারীদের হাতে নিহত পৌর কাউন্সিলর মিলন খন্দকারের ছোট ভাই ও মিলন হত্যা মামলার বাদী। মিরাজের মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মিরাজ ও হেলাল ওই দিন রাতে মোটরসাইকেলে করে দাউদকান্দির দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার রায়পুর এলাকায় মিরাজ রহস্যজনকভাবে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হেলালকে আটক করে পুলিশ।
হেলাল জানান, তাঁর (হেলাল) বোনের বাড়ি চান্দিনা থেকে আসার পথে রায়পুর এসে এক সড়ক দুর্ঘটনায় মিরাজ নিহত হন।
তবে মিরাজের পরিবারের দাবি, মিরাজকে হেলাল ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
দাউদকান্দি থানার ওসি আবুল ফয়সল জানান, মিরাজের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁর মোটরসাইকেলটিও অক্ষত রয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।