যুবলীগ নেতার রেজিস্ট্রার পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারদলীয় সমর্থক এক কর্মকর্তা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তিন বছর আগে এই ব্যক্তিকে নীতিমালা লঙ্ঘন করে সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষক ও কর্মকর্তারা এসব অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১০ সালের ৩০ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রার পদে লোক নিয়োগের আবেদন আহ্বান করে। সে সময় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকার ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক বদরুল ইসলাম আবেদন করেন। আবেদনের যোগ্যতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বা সমমানের পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু তা না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাদের চাপে বদরুলকে ওই বছরের ২৪ আগস্ট সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আবদুল আউয়াল। বর্তমানে কানাডা অবস্থান করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সে সময় তিনি প্রথম আলোকে জানিয়েছিলেন, দলীয় প্রভাবে কোনো ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়নি।
প্রশাসনিক শাখা জানিয়েছে, গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রার পদে আবেদনপত্র আহ্বান করে। বদরুলসহ নয়জন ওই পদে আবেদন করেন। আগামীকাল সোমবার ওই পদে পরীক্ষা গ্রহণের তারিখ রয়েছে। উপাচার্যের দপ্তরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, রেজিস্ট্রার পদ পাইয়ে দিতে উপাচার্যকে রাজনৈতিক ব্যক্তিরা চাপ প্রয়োগ করছেন।
আওয়ামী-বামপন্থী হিসেবে পরিচিত একাধিক কর্মকর্তা বলেন, বদরুল ইসলামের স্বার্থ বিবেচনায় নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে তাঁকে ওই পদ পাইয়ে দিতে সব ধরনের প্রক্রিয়া চালাচ্ছেন উপাচার্য।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, সহকারী রেজিস্ট্রার পদে বদরুল ইসলামের অভিজ্ঞতা পাঁচ বছর না হওয়ায় বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিতে তা কমিয়ে চার বছর করা হয়েছে। আবেদনকারীর বয়স ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। বদরুলের চার বছরের অভিজ্ঞতাও না থাকায় অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই ওই পদে অভিজ্ঞতা শিথিল করা হয়নি।
অভিযোগ রয়েছে, সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়ে বদরুল ইসলাম পুরো বিশ্ববিদ্যালয়কে জিমিঞ্চ করে রেখেছেন। তিনি আওয়ামী লীগের নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বদরুল তাঁর আপন বোনের ছেলেকে এমএলএসএস পদে ও স্ত্রীকে আইন পরামর্শক হিসেবে নিয়োগ পাইয়ে দেন।
বদরুল ইসলাম যুবলীগের সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত থাকার পরও এলাকার দলীয় কর্মকাণ্ডে তাঁর নিয়মিত উপস্থিতি রয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাইনি। এডহকভিত্তিতে নিয়োগ পাওয়ার পর আমাকে সহকারী রেজিস্ট্রার করা হয়েছিল। আমাকে রেজিস্ট্রার বানানোর জন্য নীতিমালা পরিবর্তন করা হয়েছে—এটিও ঠিক নয়।’ তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের আইন পরামর্শক ছিলেন, এটি সত্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অরুচিকর পরিবেশ দেখে তিনি তাঁর পদ ছেড়ে দিয়েছেন। আমার যোগদানের আগেই ভাগিনা নিয়োগ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতিতে আমার জড়িত থাকার বিষয়টি সঠিক নয়।’
উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার বলেন, রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা অনুযায়ী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনের নিরিখে নীতিমালা পরিমার্জন-পরিবর্ধন হতেই পারে। কোনো বিশেষ ব্যক্তিকে নিয়োগের জন্য এটি করা হয়নি।