যুবলীগ নেতার লাশ উদ্ধার, বিএনপির নেতাকে গুলি
দিনাজপুরের হাকিমপুরে গতকাল সোমবার শফিকুল ইসলাম ওরফে মিলন (৩৫) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ৷ একই দিন দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রানা আহম্মদকে (৪২) বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা৷
হাকিমপুর থানা-পুলিশ ও শফিকুলের ভগ্নিপতি শামিম হোসেন জানান, শফিকুল হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে৷ তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি৷ রোববার সন্ধ্যায় খাট্টাউছনা বাজারের উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন শফিকুল৷ ওই িদন রাতে আর বাড়ি ফেরেননি৷ গতকাল সকালে স্থানীয় লোকজন খাট্টাউছনা বাজারের পাশে একটি পুকুরে শফিকুলের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন৷ পুলিশ এসে লাশ উদ্ধার করে৷
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, শফিকুলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে৷
আক্কেলপুর থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, আক্কেলপুরের জামাল বাজারের রেলগেট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দুপুরে রানা আহম্মদ বাসায় ফেরেন৷ বেলা দুইটার দিকে চারটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে তাঁকে বাড়ি থেকে ডেকে বাইরে বের করেন৷ বাড়ির ফটকের সামনে এলে দুর্বৃত্তেরা তাঁকে মারধর করে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়৷
বিকাশ নামে এক প্রতিবেশী জানান, তিনি রানার বাসার গেটের পাশে ভটভটি মেরামতের কাজ করছিলেন৷ এ সময় চারটি মোটরসাইকেলে করে ১০-১২ জন অপরিচিত ব্যক্তি এসে বাড়ির সামনে রানাকে মারধর করেন৷ রানা মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা ইট দিয়ে মাথায় অাঘাত করেন৷ এ সময় একজন ‘গুলি করো’ বলে চিৎকার করে৷ পরে তিন-চারটি গুলির শব্দ পাওয়া যায়৷ এরপর তারা পালিয়ে গেলে লোকজন এসে রানাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান৷
রানার স্ত্রী আয়েশা খাতুন বলেন, ‘আমার স্বামী ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন৷ কারও সঙ্গে তাঁর দ্বন্দ্ব আছে বলে আমার জানা নেই৷’
উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা কামরুজ্জামান কমল জানান, রানা আহম্মদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক৷
আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) কিরণ কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছে৷ ঘটনার সঙ্গে সোহাগ নামে স্থানীয় এক ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে৷ িবকেলে রানাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে৷