যুবলীগ নেতার লোকজনের চাঁদাবাজি
ঢাকার আশুলিয়ার বাইপাইলে বিভিন্ন যানবাহন থেকে প্রতিদিন দেড় লাখ টাকারও বেশি চাঁদা আদায় করা হচ্ছে। মনসুর মাতাব্বর নামের যুবলীগের স্থানীয় এক নেতার লোকজন এই চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি মনসুর মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি চাঁদা আদায়ে নেতৃত্ব দিচ্ছেন।
পরিবহনশ্রমিক ও মালিকদের দেওয়া তথ্যমতে, বাইপাইল হয়ে নবীনগর-আবদুল্লাহপুর সড়কে ১৬৫টি লেগুনা (হিউম্যান হলার) ও ৫০টি ছোট বাস চলাচল করে। আর রাজধানী ও উত্তরবঙ্গের মধ্যে কমপক্ষে ৪০০ দূরপাল্লার বাস চলাচল করে এই বাইপাইল হয়ে।
ঢাকা-চন্দ্রা (কালিয়াকৈর) ও ঢাকা-জামগড়াসহ (আশুলিয়া) নবীনগর-ডিইপিজেডের মধ্যে বাইপাইল হয়ে চলাচল করে আরও কমপক্ষে ৩৫০টি বাস। উত্তরবঙ্গ থেকে আসা কিছু বাস বাইপাইলে যাত্রী নামিয়ে আবার যাত্রী নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়। এ রকম বাসের সংখ্যা কমপক্ষে ৫০টি। এসব বাস ও লেগুনা থেকে প্রতিদিন বিভিন্ন হারে চাঁদা আদায় করা হয়। ১০ থেকে ১২ জন তরুণ ও যুবক বাইপাইলে অবস্থান নিয়ে এই চাঁদা আদায় করে থাকেন।
পরিবহনমালিক ও শ্রমিকেরা জানান, নবীনগর ও আবদুল্লাহপুরের মধ্যে চলাচলকারী প্রতিটি লেগুনা ও ছোট বাস থেকে প্রতিদিন ১১০ টাকা হারে, দূরপাল্লার বাস থেকে প্রতিদিন ১৫০ টাকা, ঢাকা-চন্দ্রা ও ঢাকা-জামগড়ার মধ্যে চলাচলকারী প্রতিটি বাস থেকে প্রতিদিন ১৫০ টাকা এবং বাইপাইলে খালি বাসে যাত্রী তুলে দেওয়ার জন্য বাসপ্রতি ৫০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন চাঁদা আদায় হয় এক লাখ ৬১ হাজার টাকা। এ হিসাবে মাসে চাঁদার পরিমাণ দাঁড়ায় ৪৮ লাখ ৩০ হাজার টাকা। এই চাঁদার ভাগ পুলিশ ও সরকারি দলের অনেকেই পেয়ে থাকেন।
জানতে চাইলে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন খান গতকাল রাতে বলেন, দেলোয়ারের মতো নেতারা দলের ভাবমূর্তি নষ্ট করছেন। এ ধরনের চাঁদাবাজ, মাস্তানকে যাঁরা দলে পদ দিয়েছেন, তাঁরাই চাঁদার ভাগ নিচ্ছেন।
চাঁদা আদায়কারী আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমি, সেলিম, হেলাল, ইলিয়াস, রাজু, সোহেল, জিয়া, মজনু, আলমগীর ও আরও কয়েকজন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মাতাব্বরের বেতনভুক্ত কর্মচারী। ওই নেতার নির্দেশেই আমরা পরিবহন থেকে চাঁদা আদায় করে থাকি। আদায় করা টাকা রাতে তাঁর কাছে জমা করতাম। সম্প্রতি মনসুর মাতাব্বর গ্রেপ্তার হওয়ায় তাঁর ঘনিষ্ঠজন দেলোয়ার হোসেন আমাদের পরিচালনা করছেন।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কাছ থেকে চাঁদার ভাগ নেয় না।