যুবলীগ নেতার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগের এক নেতার সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় পুলিশের সহযোগিতা না পেয়ে কয়েক শ মানুষ গতকাল রোববার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের টেঙ্গামাগুর নামক স্থানে অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় সাধারণ মানুষ।
এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, খরনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাকসুদুর রহমান ওরফে বাবুর নেতৃত্বে গত শনিবার রাতে লটাগাড়ি গ্রামের মুঞ্জুর হোসেনের প্রায় এক বিঘা জমির বেগুনগাছ উপড়ে ও কেটে ফেলা হয়। এ সময় খবর পেয়ে গ্রামের লোকজন তাদের ধাওয়া দেয়। সন্ত্রাসীরা গ্রামবাসীকে লক্ষ্য করে তিনটি গুলি করে পালিয়ে যায়। বিষয়টি রাতেই শাজাহানপুর থানায় জানালে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী গত রোববার দুপুরের দিকে মাইকিং করে স্থানীয় স্কুলমাঠে লোকজনকে জড়ো করে। এরপর বিকেল পাঁচটার দিকে তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। খবর পেয়ে আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খরনা ইউপির সদস্য নুরুল ইসলাম জানান, গুলির শব্দ শোনার পরপরই শাজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসেনি। তিনি আরও জানান, ওই নেতা দীর্ঘদিন থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এ ব্যাপারে মাকসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, এ ব্যাপারে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।