গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাসুম আকন্দের নিখোঁজ স্ত্রীর লাশ গতকাল বুধবার বিকেলে স্থানীয় একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাসুমকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম নাসিমা আক্তার (৩৬)। তিনি যুবলীগের নেতা মাসুমের দ্বিতীয় স্ত্রী এবং উপজেলার সেনপাড়া গ্রামের মো. সোবহান আলীর মেয়ে। নাগরী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন নাসিমা।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমা আক্তার গত ৮ নভেম্বর স্বামীর বাড়িতে পিঠা উৎসব চলাকালে নিখোঁজ হন। গতকাল বেলা তিনটার দিকে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের অদূরে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পায় লোকজন।
পরে তারা সেপটিক ট্যাংকে গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ গিয়ে নাসিমার লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, নাসিমা নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তাঁর ভাই।