যুবলীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে দুই পরিবহন মালিক ও শ্রমিকসংগঠনের মধ্যে সংঘর্ষে সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের রেলগেট স্বাধীনতা মঞ্চ চত্বরে ওই সমাবেশ হয়।
উপজেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তারা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু সাগর কুমার রায়, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, নিহত যুবলীগ নেতা শফিকুলের ছোট ভাই উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম প্রমুখ।
এদিকে সান্তাহার শহর এখন শান্ত। তবে মানুষের মন থেকে কাটছে না শঙ্কা ও আতঙ্ক। আবারও কখন কে বা কারা কী ঘটনা ঘটায়, এই শঙ্কা শহরবাসীকে তাড়া করে ফিরছে। তবে গতকাল থেকে সবকিছু চলছে স্বাভাবিকভাবে।