যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিলেন যুবদলের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুল হোসেনসহ (২৯) তিন যুবলীগ কর্মীকে গত বুধবার রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও রাম দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। আহত অন্যরা হলেন আনছার (৩০) ও সুজন (২০)। তাঁরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মির্জা নাহিদুজ্জামান বলেন, মাইনুলের বাঁ পা ও বাঁ হাত ভেঙে গেছে। এ ছাড়া মাথাসহ তাঁদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।
মাইনুল হোসেনের অভিযোগ, বহরমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি (একাংশের) গিয়াস উদ্দিন মৃধা (৪৫) ও রুবেল মৃধার (২৪) নেতৃত্বে ৩০-৩৫ জন তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। তিনি জানান, বুধবার রাতে বহরমপুর ইউনিয়নের আয়শার বাজারের সেতুর ওপর বসে তাঁরা গল্প করছিলেন। রাত নয়টার দিকে একই ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন মৃধা ও রুবেল মৃধা যুবদল ও ছাত্রদলের ৩০-৩৫ জন কর্মী নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের আটক করে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পেটায় এবং রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাঁরা মাইনুলের ডান পায়ের রগ কাটার চেষ্টা চালায়। তাঁদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। এরপর তারা তাঁদের উদ্ধার করে ওই রাতেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মাইনুলের স্ত্রী লাভলী বেগম (২৩) অভিযোগ করেন, হামলাকারীরা যাওয়ার সময় তাঁর (মাইনুল) বাড়িতে ও তাঁদের কয়েকজন আত্মীয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর কাছে পৌঁছে দেয় বলেও তিনি জনান।
গিয়াস উদ্দিন মৃধা বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ অস্বীকার করে জানান, কয়েক দিন আগে তাঁদের এক কর্মীকে মাইনুল ও তাঁর লোকজন মারধর করেন। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়ায় মাইনুল তাঁদের ওপর হামলা করেন। তখন তাঁদের লোকজন তা প্রতিহত করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেঞ্চদ চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।