যুবলীগ নেতার হামলায় আ.লীগ নেতা আহত
খাগড়াছড়ির দীঘিনালায় চাঁদাবাজির বিচার দেওয়ায় গতকাল শনিবার যুবলীগ নেতার হামলায় সৈয়দ নিজাম উদ্দিন নামের এক আওয়ামী লীগের নেতা আহত হয়েছেন। আহত আওয়ামী লীগের নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত যুবলীগের নেতা মো. বেল্লাল হোসেনসহ তিনজনকে আটক করেছে।পুলিশ ও ঘটনার শিকার আহত উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ নিজাম উদ্দিন জানান, কিছুদিন আগে যুবলীগের নেতা বেল্লাল হোসেন তাঁর কাছে কাঠের গাড়ির চাঁদা দাবি করেন। চাঁদা দাবির প্রতিবাদ করে তিনি উপজেলা আওয়ামী লীগের কাছে বিচার চান। শনিবার সকাল সাড়ে ১০টায় নিজাম উদ্দিন জোত পারমিটের কাজে উপজেলার জামতলী এলাকায় বন বিভাগের কার্যালয়ে যাওয়ার পথে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে যুবলীগের নেতা বেল্লাল হোসেনসহ কয়েকজন যুবক, বেল্লালের নামে কেন বিচার দেওয়া হয়েছে জানতে চেয়ে তাঁকে মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজন নিজাম উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখান থেকে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার পরপর জামতলী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, যুবলীগের সদস্য কামাল হোসেন ও আক্তার হোসেনকে আটক করে।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর ধর জানান, নিজাম উদ্দিন ঘাড়ে ও মাথায় আঘাত পেয়েছেন। তাঁর একটি দাঁতও ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।