যুবলীগ নেতার হামলায় বৃদ্ধ গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় যুবলীগের এক নেতার হামলায় কাজী মো. ইব্রাহিম (৯০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।আহতের ছেলে আইনজীবী রেজাউল করিম বলেন, ‘একই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিচ হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা দুটি চাঁদাবাজি মামলা আমি পরিচালনা করছি। এর জের ধরে গতকাল বাবাকে নিয়ে বাউফল থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি পাঙ্গাশিয়া যাওয়ার পথে বটতলা বাজার এলাকায় আনিচ তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। আর আমি দৌড়ে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিই। এ সময় তারা বাবাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।’আনিচের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে তাঁর বড় ভাই আলমগীর হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর বাবা আহত হয়েছেন। আমিসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেছি।’বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, ‘স্থানীয়রা বলছে মোটরসাইকেল দুর্ঘটনায় কাজী মো. ইব্রাহিম গুরুতর আহত হয়েছেন। এর পরও বিষয়টি তদন্ত করা হবে।’