রেলওয়ের জায়গা দখল করে দোকানপাট বসানো নিয়ে গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ের স্টেশনমাস্টার জিয়াউদ্দিন সরদারকে যুবলীগের স্থানীয় নেতা সাখাওয়াত হোসেন ও তাঁর সহযোগীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে জয়দেবপুর জংশনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই স্টেশন থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, ওই রেলস্টেশনে রেলওয়ের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে দোকানপাট বসানো হচ্ছে। এসব দোকান থেকে যুবলীগের স্থানীয় নেতারা নিয়মিত চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা ওই দোকানপাট তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। গতকাল রাত পৌনে আটটার দিকে যুবলীগের নেতা মো. সাখাওয়াত হোসেনসহ তিন ব্যক্তি ওই রেলস্টেশনে প্রবেশ করেন। অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলোর বিষয়ে তাঁদের সঙ্গে স্টেশনমাস্টার জিয়াউদ্দিনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা জিয়াউদ্দিনকে কিল-ঘুষি, চড়-থাপড় মেরে আহত করেন। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখেন। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে। পরে কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে রাত নয়টার দিকে ওই ট্রেন ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে কথা বলতে যুবলীগের নেতা সাখাওয়াত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সংযোগ বন্ধ পাওয়া যায়।
রেলওয়ে স্টেশনে দায়িত্বরত জিআরপি পুলিশের সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।