যুবলীগ নেতার হুমকি, স্কুলছাত্রী বাড়িছাড়া
বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের এক নেতার হুমকির মুখে পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ওই নেতা প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ের হলফনামা তৈরি করে ওই ছাত্রীকে তাঁর স্ত্রী দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, নলচিড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন মোহন (৪০) ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছেন। স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, মহিউদ্দিন মোহন ৮ মার্চ বিদ্যালয় থেকে বাড়ি আসার পথে বৃত্তি দেওয়ার কথা বলে একটি সাদা স্ট্যাম্পে আরও দুই ছাত্রীর সঙ্গে তাঁর মেয়ের স্বাক্ষর নেন। এ সময় মোহন প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর মেয়ের ছবিও তোলেন। গত ২২ মার্চ নলচিড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে মোহন বড় ভাই পরিচয় দিয়ে তাঁর মেয়ের জন্মসনদ নেন।স্কুলছাত্রীর বাবা আরও অভিযোগ করেন, যুবলীগের নেতা মোহন স্ট্যাম্প, ছবি ও জন্মসনদ নিয়ে ৭ জুন বরিশালের নোটারি পাবলিক মো. জাকির হোসেনের কাছ থেকে বিয়ের হলফনামা নিয়ে আসেন। ৩ জুলাই মোহন দলবল নিয়ে তাঁর বাড়িতে আসেন এবং বিয়ের হলফনামার এফিডেভিট দেখিয়ে স্কুলছাত্রীকে স্ত্রী দাবি করে তাকে নেওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী বাধা দেওয়ায় ওই দিন মোহন তাঁর মেয়েকে নিতে পারেননি। পরের দিন তাঁর মেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। স্কুলছাত্রীর মা অভিযোগ করেন, গতকাল বুধবার মোহন তাঁর সহযোগীদের নিয়ে তাঁদের বাড়িতে আসেন। এ সময় মোহন তাঁর মেয়েকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের হাতে তুলে দিতে বলেন। মোহনের হুমকির কারণে তাঁরা বাড়ি থেকে অন্যত্র চলে এসেছেন।স্কুলছাত্রী অভিযোগ করে বলে, ‘মোহন বিয়ের ভুয়া হলফনামা তৈরি করেছেন। ওতে আমার কোনো সম্মতি নেই।’ যুবলীগের নেতা মহিউদ্দিন মোহন ওই ছাত্রীর পরিবারকে হুমকি দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি সাদা স্ট্যাম্পে ওই ছাত্রীর সই নেওয়া ও ছবি তোলার অভিযোগও অস্বীকার করেছেন। তিনি দাবি করে বলেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর বৈধভাবেই বিয়ে হয়েছে।মোহনকে ওই ছাত্রীর ১৮ বছর বয়সের সনদ দেওয়ার ব্যাপারে নলচিড়া ইউপি চেয়ারম্যান মো. সেকান্দার হোসেন মৃধা জানান, আত্মীয় পরিচয় দিয়ে আবেদন করার পর যুবলীগের নেতাকে ওই ছাত্রীর জন্মসনদ দেওয়া হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে মামলা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।