যুবলীগ নেতার হোটেলে ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের শাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গত শনিবার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা হোটেলের মালিক সদ্য বিলুপ্ত উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলমসহ চারজনকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় ফিরোজ আলম বাদী হয়ে গতকাল রোববার রায়পুর থানায় ওমর ফারুকসহ ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।অভিযোগে ফিরোজ আলম উল্লেখ করেন, ওমর ফারুক ও তাঁর সহযোগীরা কয়েক দিন ধরে তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় ওমর ফারুকসহ ১০-১২ জন গত শনিবার রাত ১১টার দিকে হোটেলে হামলা চালিয়ে ভাঙচুর করেন। বাধা দিতে গেলে তাঁরা হোটেলের কর্মচারী জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপক মাহাতাব হোসেন ও লিটনকে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও (ফিরোজ) মারধর করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীর আলমকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন ছোট ভাই রাতে হোটেলে খাবার খেতে গিয়ে খাবারে তেলাপোকা পায়। এ নিয়ে হোটেলের কর্মচারীদের সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে হোটেলে গেলে জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বেঁধে রাখার হুমকি দেন। এ নিয়ে হাতাহাতি হয়েছে।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ‘হোটেলে চাঁদা দাবি, হামলা ও মারধর-সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে।’