গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাবের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার রাতে যুবলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন: উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবু সুফিয়ান ও যুবলীগের কর্মী বেলাল হোসেন। তাঁদের বাড়ি উপজেলা শহরের বুজরুক বোয়ালিয়া এলাকায়। সুফিয়ানের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।এ ঘটনায় র্যাব-৫-এর কনস্টেবল শুকুর আলী যুবলীগের নেতা হাসানুল ইসলাম, আবু সুফিয়ান, বেলাল হোসেনসহ ১৩ জনকে আসামি করে শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।্রগোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বৃহস্পতিবার রাতে রংপুর থেকে র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এম আলমগীর হোসেন তিনজন কনসস্টেবলসহ গাড়ি নিয়ে দিনাজপুরের হাকিমপুরে যাচ্ছিলেন। এ সময় যুবলীগের নেতা হাসানুল ইসলামের মোটরসাইকেল র্যাবের গাড়ি অতিক্রম করতে গিয়ে লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনায় হাসানুলের নেতৃত্বে দলীয় ক্যাডাররা র্যাবের সদস্যদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। তারা কোম্পানি কমান্ডার আলমগীর হোসেনের একটি চায়নিজ পিস্তল ও মুঠোফোন ছিনিয়ে নেয়। মামলার প্রধান আসামি হাসানুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা। গত ১৮ জানুয়ারি একটি ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলামকে লাঞ্ছিত করেন তিনি। শরিফুল ইসলাম বলেন, সে সময় তাঁর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় মামলা রয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।