লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলোচিত সেই ডাকাতির ঘটনায় গত মঙ্গলবার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে এক ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী ১ নম্বর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন গাজীকে ওই দিন রাতে গ্রেপ্তার করে পুলিশ। আটক ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত ৭১ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।ডাকাতির সময় ঘটনাস্থলে পুলিশ এলে ডাকাতেরা পুলিশকে গুলির হুমকি দেয়। এ সময় পুলিশ পিছু হটলে তারা পালিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাসহ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।জানা গেছে, উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ী নূর নবী পণ্ডিতের বিল্ডিংয়ে গত ৬ সেপ্টেম্বর ভোররাতে ডাকাতি হয়। এ সময় ডাকাতেরা ৫০ ভরি স্বর্ণ, টাকাসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ নিয়ে রায়পুর থানায় একটি মামলা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে মো. রাজন (২৬), মো. বিল্লাল হোসেন (২৮), ওমর ফারুক (২৫), মানিক (২৮) ও মো. মামুনকে (৩০) নোয়াখালীর হাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করে। পরে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে। আটক ডাকাতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে গতকাল আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।