ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কলেজছাত্র আল মাসুম ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় যুবলীগের নেতা আকিল উদ্দিনসহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মাসুমের সহপাঠী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
মাসুম উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আবুল বাশারের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ২৪ ডিসেম্বর রাতে একদল দুর্বৃত্তের হামলায় মাসুম গুরুতর আহত হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা অভিযোগ করেন, মাসুমের চাচা আলী আশরাফ গ্রামে ছয়-সাত বছর ধরে কেব্ল অপারেটর হিসেবে ব্যবসা করছেন। এই গ্রামের বাসিন্দা শাহজাদাপুর ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক আকিল উদ্দিনও সম্প্রতি গ্রামে একই ব্যবসা শুরু করেন। বিষয়টি নিয়ে গত কয়েক মাস উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছে। ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গ্রামের রাস্তায় দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে মাসুমের ওপর হামলা চালায় ১০-১২ জন। হামলার নেতৃত্বে ছিলেন আকিল উদ্দিন ও তাঁর ছোট ভাই জাকির হোসেন।
এ ঘটনায় ২৬ ডিসেম্বর আকিল উদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখসহ সাত-আটজনকে আসামি করে আলী আশরাফ সরাইল থানায় মামলা করেন। তিনি বলেন, আকিল উদ্দিনদের হামলায় মাসুম মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। মাঝেমধ্যে তার সংজ্ঞা ফিরছে, আবার অচেতন হয়ে পড়ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা এখনো সংকটাপন্ন।
আলী আশরাফ আরও বলেন, ‘এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। উল্টো আমাদের বিরুদ্ধে আকিল উদ্দিন হয়রানিমূলক মামলা করেছেন।’
এ সম্পর্কে মুঠোফোনে আকিল উদ্দিন বলেন, ‘মাসুমের নেতৃত্বে লোকজন ওই দিন রাতে (২৪ ডিসেম্বর) আমার ছোট ভাই জাকির হোসেনকে জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছিল। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। সেখানে আমি ছিলাম না। আমি ঘটনার সঙ্গে জড়িত নই।’
পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বরের আরেকটি ঘটনার উল্লেখ করে আকিল উদ্দিন বাদী হয়ে আহত আল মাসুমকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে ২৯ ডিসেম্বর আরেকটি মামলা দায়ের করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, ‘মাসুমের ওপর হামলার ঘটনার সত্যতা পেয়েছি। জড়িত লোকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরের মামলাটিরও তদন্ত চলছে।’