যুবলীগ নেতাসহ বিভিন্ন স্থানে নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর, চট্টগ্রামের লোহাগাড়া, ঝালকাঠি সদর, ফরিদপুরের সদরপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার ফটকি সেতুর কাছে গতকাল একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শাজাহানপুর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল রানা (৩২) ও কাহালু উপজেলার সোনার পাড়া গ্রামের আবদুল আউয়াল (৩৮) নিহত হয়েছেন। লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া পেটানশাহ্ গেট এলাকায় বুধবার নারায়ণগঞ্জের ব্যবসায়ী রফিকুল ইসলাম ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ওই গাড়ির চাপায় জালাল আহমদ (৩৮), রনি দাশ (১৪), জনি দাশ (১৩) ও প্রিয়তোষ চৌধুরী (১৫) নিহত হয়। জালাল আহমদ ছাড়া নিহত অন্য ব্যক্তিরা পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এই চারজন পদুয়া উত্তরপাড়ার বাসিন্দা।ঝালকাঠি: বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি সেতুর কাছে গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ওই সাইকেলের আরোহী ও দশম শ্রেণীর ছাত্রী সারমিন আক্তার (১৭) নিহত হয়েছে। নিহত সারমিন সদর উপজেলার শেপ্রতাপ গ্রামের আবদুল আউয়ালের মেয়ে। ফরিদপুর: সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আবুলের মোড় এলাকায় গতকাল বাসচাপায় মজিদ শেখ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নোয়াখালী: মাইজদী-সোনাপুর সড়কের ইসলামপুর এলাকায় বুধবার মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের আরোহী সদর উপজেলার হুকলি গ্রামের রিয়াদ হোসেন (২৫) নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ: শহরের চরজোতপ্রতাপ এলাকায় বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউটসের বৈশাখী শোভাযাত্রার একটি ঘোড়ার গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘোড়ার গাড়ির আরোহী ও স্কুলছাত্রী সাগরী (১৮) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ময়মনসিংহ: ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় বুধবার একটি ট্রাক ও একটি যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর যাত্রী সদর উপজেলার পুটামরা গ্রামের সুমন মিয়া (২৫), সোহেল মিয়া (২৫) ও তারাকান্দা উপজেলার খোরশেদ মিয়া (২৬) নিহত হন।