যুবলীগ নেতাসহ বিভিন্ন স্থানে সাত খুন, আটটি লাশ উদ্ধার
বগুড়ায় গত তিন দিনে পৃথক ঘটনায় যুবলীগ নেতাসহ তিনজন খুন হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইল, পাবনার চাটমোহর ও কক্সবাজারের টেকনাফে খুন হয়েছেন আরও চারজন। একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশ আটটি লাশ উদ্ধার করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: রোববার সন্ধ্যায় বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার পাঁচ-ছয়জন যুবক নান্না মিয়াকে (৩২) লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। নান্না মিয়া মাটিতে পড়ে গেলে যুবকেরা তাঁর বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের পর জবাই করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নান্না মিয়াকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল হক জানান, নান্না মিয়া তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বাড়ি শহরের বৃন্দাবনপাড়ায়। এর আগে শুক্রবার গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলামকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে একদল সন্ত্রাসী। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে গাবতলী থানার পুলিশ জানিয়েছে। এই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ যুবলীগের নেতা-কর্মীরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র মোরশেদ মিল্টনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে শনিবার রাতে কাহালু উপজেলায় বিউটি বেগম নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিউটির বাবা জামাতা মতি মিয়ার বিরুদ্ধে রোববার মামলা করেছেন।পাবনা: গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজারের পাশে সন্ত্রাসীরা মো. রকিবুল্লাহ (২৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। নিহত ব্যক্তির বাড়ি সদর উপজেলার আতাইকুলা থানার বালুঘাটা কেশবপুর গ্রামে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শরৎগঞ্জ বাজার থেকে কেশবপুর গ্রামের বকুল হোসেনকে একটি শাটারগানসহ গ্রেপ্তার করেছে। চাটমোহর থানার ওসি মো. শহীদ আলম জানান, রকিবুল্লাহ চরমপন্থী দলের সদস্য ছিলেন। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।একই রাতে আটঘরিয়া উপজেলার একদন্ত-ধানুয়াকাটা সড়কের দুবলিয়াপাড়ায় সন্ত্রাসীরা করিমনচালক মো. শফিককে হত্যা করে রাস্তার পাশে একটি ডোবায় মৃতদেহ ফেলে করিমন নিয়ে পালিয়ে যান। নিহত শফিকের বাড়ি সদর উপজেলার রথখোলা গ্রামে। শুক্রবার দুপুরে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সাঁথিয়া উপজেলার পাইকরহাটি পশ্চিমপাড়া গ্রামের শফিকুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই কালু মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধলে কালুর ছুরিকাঘাতে শফিক ঘটনাস্থলেই নিহত হন।ফরিদপুর: ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার সবুজ সেনা ক্লাব ও রেলস্টেশনের মাঝে একটি ডোবা থেকে রোববার মো. জামাল শেখ (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জামালের বাড়ি লক্ষ্মীপুর এলাকায়। ২০০৬ সালের ২৫ ডিসেম্বর ঈদের আগের দিন জামালের ভাই কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে তাঁর লাশ ফরিদপুরের কাফুরা এলাকার একটি সেতুর নিচ থেকে বাক্সবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। এ বছর জুলাই মাসে ওই হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। জামাল ওই মামলার একজন সাক্ষী ছিলেন। কালিয়াকৈর (গাজীপুর): উপজেলার কারলসুরিচালা গ্রামের ইমান আলীকে শুক্রবার রাত নয়টার দিকে বেলাল ও হুমায়ুন নামের দুই ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে দুর্বৃত্তরা শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরদিন সকালে পাশ্ববর্তী একটি শালবন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে শনিবার ও রোববার উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ স্বামী-স্ত্রীসহ চারটি লাশ উদ্ধার করেছে।নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার কানুরামপুর বাজারে রোববার সংঘর্ষে কছিম উদ্দিন (৪৩) নামের কৃষক লীগের এক নেতা প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।টেকনাফ (কক্সবাজার): পূর্বশত্রুতার জের ধরে শনিবার বিকেলে সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন দুই সন্তানের জনক মো. ইয়াছিন (২৯)। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। ইয়াছিন ছোট হাবিবপাড়া গ্রামের নজির আহমদ সওদাগরের ছেলে। বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে অসিত রায় (২৫) নামের এক চিংড়িঘেরের মালিককে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ শুক্রবার সন্ধ্যায় তাঁর চিংড়িঘেরসংলগ্ন একটি খাল থেকে তাঁর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।জামালপুর: জামালপুরে দুর্বৃত্তের হাতে দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সদর থানা পুলিশ রোববার বেলা ১১টার দিকে জিলা স্কুলসংলগ্ন আমলাপাড়ায় পৌরসভার নর্দমা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। নিহতের বাসা শহরের আমলাপাড়ায়।