যুবলীগ নেতাসহ ১৮ ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় মেঘনা নদীতে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় যুবলীগের এক নেতাকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির বড় ভাই গত বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন।
হোমনা থানার পুলিশের ভাষ্য অনুযায়ী, ১২ নভেম্বর হোমনার শ্রীমদ্দি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের ডালিম সরকার নিহত হন। এ সময় কুমিল্লার মেঘনা উপজেলার চান্দেরচর গ্রামের রবিউল ও জুয়েল নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি এলজিসহ কিছু গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোমনা থানার পুলিশ তিনটি মামলা দায়ের করে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ‘ডাকাতির প্রস্তুতিতে আড়াইহাজার উপজেলার খালিয়ারচর গ্রামের নিহত ডালিমও ছিল। সে পুলিশের ওপর আক্রমণও করেছে। মামলায় তা উল্লেখ করেছি।’
এ ঘটনার পাঁচ দিন পর ডালিমের বড় ভাই সেলিম সরকার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ইসরাত জাহানের আদালতে একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছাত্তার। এ মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে সেলিম সরকারকে পাওয়া যায়নি।
সেলিমের চাচাতো ভাই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বালুমহাল নিয়ে দ্বন্দ্বের কারণে তাঁর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ডালিমকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে আবদুছ ছাত্তার বলেন, এ মামলা তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। ডালিম নিহত হওয়ার ঘটনায় তাঁর কোনো হাত ছিল না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন গতকাল শনিবার বলেন, ১২ নভেম্বর আড়াইহাজার থানা এলাকায় গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। কুমিল্লার হোমনা থানার পুলিশের সঙ্গে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে এবং সেখানে একজন নিহত হয়েছেন। তবে তিনি শুনেছেন এ বিষয়ে নারায়ণগঞ্জের আদালতে একটি হত্যা মামলা হয়েছে।