যুবলীগ সভাপতি-সম্পাদকের ব্যাপক আয়োজনে সংবর্ধনা!
যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে ব্যাপক আয়োজন করে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রামের যুবলীগ। সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ঢাকা থেকে আসছেন আরও ২৫২ জন নেতা। দুটি বিলাসী আবাসিক হোটেলে থাকা ও তিন বেলা খাবারের পাশাপাশি উড়োজাহাজে কিংবা বাস-ট্রেনে যাওয়া-আসার সব খরচও বহন করছে চট্টগ্রামের যুবলীগের নেতারা। ৯ জানুয়ারি লালদীঘি মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। ওমর ফারুক চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। এ কারণেই চট্টগ্রামে তাঁকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ একসঙ্গে লালদীঘি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করছে। লালদীঘি মাঠে যে মঞ্চ তৈরি করা হচ্ছে, তাতে অন্তত শতাধিক নেতা বসার জন্য চেয়ারের ব্যবস্থা রাখা হচ্ছে। ঢাকা থেকে আসা যুবলীগের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রাম অঞ্চলের নেতাদের জন্য মঞ্চে জায়গা থাকছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সংবর্ধনা সভায় যুবলীগের নেতারা ট্রেনের একাধিক বগি ভাড়া নিয়ে এলেও অনুষ্ঠান শেষে বেশির ভাগ নেতাই ফিরে যাবেন উড়োজাহাজে করে। চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি চন্দন ধর প্রথম আলোকে বলেন, স্টেশন সড়কের হোটেল গোল্ডেন ইন ও হোটেল ফেবার ইনে কেন্দ্রীয় নেতাদের থাকা ও খাবার ব্যবস্থা করা হয়েছে। এখানে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও থাকছে। বাজেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কত টাকা খরচ হবে তার হিসাব নেই। আমরা সবাই মিলে খরচ করছি।’জানা গেছে, যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবর্ধনা সভায় বিপুল উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি সভা শুরু হয়েছে। এ ছাড়া রঙিন পোস্টার ও ব্যানার লাগানোর কাজও শুরু হয়েছে। সংবর্ধনাকে কেন্দ্র করে গত বুধবার থেকে নিয়মিত বৈঠক ও সভা শুরু হয়েছে। মুরব্বি সংগঠন আওয়ামী লীগের নেতাদের কাছে যাচ্ছেন চাঁদার জন্য। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘লালদীঘি মাঠে একটি প্যান্ডেল তৈরি করতে আর কত টাকা খরচ হবে। এটা নিয়ে আমাদের কোনো ভাবনা-চিন্তা নেই। নেতারা সবাই এ জন্য টাকাপয়সা দিচ্ছেন।’মশিউর রহমান আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ এই প্রথমবারের মতো নিজেদের সন্তানকে যুবলীগের সভাপতি হিসেবে পেয়েছে। তাই আমাদের কারও এ অনুষ্ঠান নিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে চট্টগ্রামে আসছেন বলে তাঁদের সঙ্গে নেতা-কর্মীরাও আসার আগ্রহ দেখিয়েছেন। এ জন্য নেতাদের সংখ্যা অনেক বাড়ছে।’ তবে তাতে বাজেটের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।