যুবলীগকর্মী রকি হত্যার নেপথ্যে ঝুট ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে যুবলীগের কর্মী শাহ আলী ওরফে রকি হত্যার পেছনে স্থানীয় ঝুট ব্যবসাসংক্রান্ত বিরোধকে দায়ী করেছেন রকির স্বজন, স্থানীয় লোকজন ও পুলিশ। এতে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের সদস্যরা জড়িত বলে অভিযোগ করেছেন তাঁরা।

গতকাল শনিবার সকালে মিরপুরের পল্লবী থানা এলাকার ৭ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কের কাছে পল্লবী মেডিকেল কর্নারের সামনে রকিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রকির বাবা মতিউর রহমান আটজনের নাম উল্লেখ করে ও আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। আজ বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এ মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ গিয়াস ও মনির হোসেন ওরফে টাকলা মনির। তাঁঁরা যথাক্রমে মামলার ২ ও ৮ নম্বর আসামি।

রকির বাবা ও মামলার বাদী মতিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত কয়েক দিন আগে একই আসামিরা রকি ও তাঁর শ্বশুর দুলাল হোসেনের ওপর হামলা চালিয়েছিল। এটি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়েছিল। এর পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর জের ধরে গতকাল রকিকে হত্যা করা হয়।’ তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া গিয়াস স্বেচ্ছাসেবক লীগ ও মনির যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নিহত রকির শ্বশুর দুলাল হোসেন ৯২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। গিয়াস কিংবা মনিরের বিরুদ্ধে আগেই সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দলও খারাপ, রাজনীতিও খারাপ।’

নিহত রকির বাবা মতিউর রহমান, শ্বশুর দুলাল হোসেন, পুলিশ ও স্থানীয় লোকজন দাবি করেন, মামলার ৫ নম্বর আসামি মুন্না ও ৬ নম্বর আসামি চুন্নু—বিএনপির কর্মী।

পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, পদ বা দলীয় কারণে নয়; বরং ব্যক্তিস্বার্থের কারণে রকিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকি আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র ও স্থানীয় লোকজন জানায়, মূলত ওই এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। রকি হত্যার কারণও এটি। ঝুট ব্যবসাকে কেন্দ্র করেই আর্থিক লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। রকি ও এখানকার কিছু লোক এ এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। বিভিন্ন দলের ছত্রচ্ছায়ায়ই এ ব্যবসা নিয়ন্ত্রণ হয়ে থাকে।