যুবলীগকর্মীর হাতে উপসহকারী প্রকৌশলী লাঞ্ছিত
নির্মাণকাজের তদারক করতে গিয়ে যুবলীগের কর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা উপসহকারী প্রকৌশলী আবদুর রহিম। গতকাল সোমবার সকালে কামাউড়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আবদুর রহিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলার ওই বাসস্ট্যান্ডের কাছে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের কর্মী কবির আহমেদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মেসার্স মেরিন এন্টারপ্রাইজ ওই কালভার্ট নির্মাণের কাজটি পায়।গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন ও আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. কামাল উদ্দিন এবং উপসহকারী প্রকৌশলী আবদুর রহিম কাজের অগ্রগতি ও মান যাচাই করতে ওই স্থানে যান। কিছুক্ষণ পর নিয়ম মেনে কাজ করার নির্দেশ দিয়ে নির্বাহী প্রকৌশলী চলে যান।এ সময় ঠিকাদার কবির আহমেদ শতভাগ নিয়ম মেনে কাজ করা সম্ভব নয় বলে উপসহকারী প্রকৌশলী আবদুর রহিমকে জানান। কিন্তু আবদুর রহিম তা মানতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কবির আহমেদ আবদুর রহিমের গলা চিপে ধরে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। পরে উপস্থিত ব্যক্তিরা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।ঘটনার সত্যতা স্বীকার করে আবদুুর রহিম বলেন, অনৈতিক সহযোগিতা দিতে অস্বীকৃতি জানানোর কারণে কবির আহমেদ তাঁকে মারধর করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে যুবলীগের কর্মী ঠিকাদার কবির আহমেদ বলেন, ঠিকাদার আর ইঞ্জিনিয়ারের মধ্যে কথা-কাটাকাটি সাধারণ ব্যাপার। বিষয়টিকে বড় করে দেখার তেমন কিছু নেই। গতকাল সন্ধ্যায় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ জানান, অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।