যুবলীগের অবরোধ ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে দিনভর সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, ৩০টির মতো যানবাহন ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগ করেছেন যুবলীগের একাংশের ক্ষুব্ধ কর্মীরা। আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।উদ্ভূত পরিস্থিতিতে দিনভর শহরের বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ক্ষুব্ধ কর্মীরা বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। দিনভর এসব ঘটনা চললেও থানার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি বেলায়েত হোসেনকে উপজেলা যুবলীগের আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে জেলা যুবলীগ। গঠনের পর এই কমিটিই উপজেলা পর্যায়ে দলের কর্মকাণ্ড পরিচালনা করছিল। কিন্তু গত রোববার মোহাম্মদ উল্লাকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে আরেকটি আহ্বায়ক কমিটির সুপারিশ করা হয়েছে বলে মোহাম্মদ উল্লার পক্ষের কর্মীরা এলাকায় প্রচার করেন। এতে বেলায়েতের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকাল ১০টার দিকে বেলায়েতের নেতৃত্বে তাঁর অনুসারী কর্মী-সমর্থকেরা প্রস্তাবিত অবৈধ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা চাটখিল পৌর শপিং কমপ্লেক্সের সামনে অটোরিকশা, পিকআপ ভ্যান, বাস-ট্রাকসহ অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর করেন।এরপর কর্মীরা চাটখিল-সোনাইমুড়ী ও চাটখিল-ঢাকা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় ককটেলের বিস্ফোরণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে যুবলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীদের পুলিশ বুঝিয়ে শান্ত করার পর তাঁরা অবরোধ তুলে নেন।যুবলীগের নেতা বেলায়েত হোসেন দাবি করেন, তাঁকে আহ্বায়ক করে গত ২ ফেব্রুয়ারি জেলা যুবলীগ একটি কমিটি গঠন করে দেয়। কিন্তু প্রধানমন্ত্রীর এক ব্যক্তিগত সহকারীর প্ররোচনায় কেন্দ্রীয় যুবলীগ অবৈধভাবে আরেকটি আহ্বায়ক কমিটির পক্ষে সুপারিশ করে। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। অন্যদিকে মোহাম্মদ উল্লা দাবি করেন, বেলায়েত হোসেন আহ্বায়ক হওয়ার পর নানাভাবে ক্ষমতার অপব্যবহার শুরু করলে কেন্দ্র থেকে তাঁকে আহ্বায়ক করে গত রোববার নতুন কমিটি গঠন করে দেওয়া হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের থানায় আসতে বলা হয়েছে। এলে মামলা নেওয়া হবে। এ ছাড়া ঘটনাটি যুবলীগের অভ্যন্তরীণ উল্লেখ করে ওসি বলেন, ‘এ কারণে আমরা আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।’