
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় যুবলীগের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবুবকর (২৮)৷ গত শুক্রবার বিকেলে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷
পুলিশ জানায়, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনার পর আবুবকর বেশ কয়েক দিন লক্ষ্মীপুর ও কুমিল্লায় পলাতক ছিলেন। গত চার দিন আগে তিনি তাঁর শ্বশুরবািড় দৌলতপুর গ্রামে এসে আত্মগোপন করেন। তাঁর বাড়ি ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামে৷
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মামলায় গ্রেপ্তার হওয়া আবিদুল ইসলামসহ অন্যদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনার দিন একাডেমী এলাকায় একরামের গািড়র গতি রোধ করার সময় অন্যদের সঙ্গে আবুবকরও ছিলেন। তিনি স্থানীয় সন্ত্রাসী রুটি সোহেলের সহযোগী। তবে পুলিশ এখনো রুটি সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন কোনো না কোনোভাবে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবুবকরকেও জিজ্ঞাসাবাদ চলছে৷ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।
গত ২০ মে ফেনীর একাডেমী এলাকায় চেয়ারম্যান একরামুল হক ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গািড়সহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।