ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে এমরান হোসেন প্রকাশ ইঞ্জিনিয়ার রাসেল (২৫) নামের যুবলীগের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে ফেনীর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) রাশেদ খান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একাডেমি সড়কের নূরীয়া মসজিদের পাশের একটি গলি থেকে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমরানের নাম প্রকাশ পায়। তিনি সরাসরি ঘটনাস্থলে থেকে হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নিয়েছিলেন। িতনি একরাম হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও তত্ত্বাবদানকারী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরীর খুব কাছের ও তাঁর গ্রামের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যা মামলায় এযাবৎ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন কোনো না কোনোভাবে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আটজনকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় চেয়ারম্যান একরাম ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে তাঁর ওপর হামলার পর কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার একজন ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত।