যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার পর কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের ঝিনাইদহ জেলা কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি করায় ক্ষুব্ধ কর্মীরা গতকাল বুধবার সন্ধ্যায় জেলা যুবলীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন৷ পরে এক পথসভায় জেলা যুবলীগের সভাপতি নাসের আলম সিদ্দিকী আজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন৷
বিক্ষুব্ধ যুবলীগের কর্মীদের একজন আশরাফুল ইসলাম জানান, কোনো সভা বা সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় কমিটি জেলা যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রলীগের সাবেক নেতা আশফাক মাহমুদকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বিক্ষুব্ধ একাধিক কর্মী অভিযোগ করেন, ঢাকায় বসে চক্রান্তের মাধ্যমে এই কমিটি করা হয়েছে, যার সঙ্গে স্থানীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই।
আশফাক মাহমুদ জানান, নয় বছর আগে জেলা যুবলীগের কমিটি হয়েছে। এরপর কেন্দ্র থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সম্মেলন করেনি। কমিটির নিষ্ক্রিয়তার কারণে উপজেলাগুলোর সম্মেলনও হয়নি। যে কারণে কর্মীদের সক্রিয় করতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, যুবলীগের কোনো কর্মী কখনো দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিতে পারেন না, যাঁরা এটা করেছেন তাঁরা দলের ক্ষতি চান৷
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন আজাদ জানান, যুবলীগের নতুন কমিটি ঘোষণা করার পর বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।