যুবলীগের এক কর্মীর স্বীকারোক্তি গ্রেপ্তার হননি আদেল ও মিষ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আবু বকর নামে যুবলীগের আরও এক কর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে আবু বকর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বীকারোক্তিমতে, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির (আদেল) ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলমকে (মিষ্টার) পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে আদালতে আসামি আবু বকর জানান, গত ২০ মে সকালে চেয়ারম্যান একরামের ওপর হামলা ও তাঁকে হত্যার ঘটনার আগে একাডেমি এলাকার যুবলীগের কর্মী ‘রুটি’ সোহেল এবং আলমগীর তাঁকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যান। ঘটনার সময় অন্যদের সঙ্গে তিনি (আবু বকর) নিজেও সেখানে উপস্থিত ছিলেন। আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু ‘রুটি’ সোহেলকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
১০ জুন পুলিশ শহরের একাডেমি এলাকা থেকে আবু বকরকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে পাঁচ দিন ও পরে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
একরাম হত্যার ঘটনায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন কোনো না কোনো হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ জানান, পুলিশ জাহাঙ্গীর কবির আদেল, জিয়াউল আলম মিষ্টারসহ হত্যাকাণ্ড-সংশ্লিষ্টতায় যাঁদের নাম এসেছে, তাঁদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হক ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে তাঁকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।