পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গতকাল সোমবার সকালে বিএনপি ও জামায়াতের কর্মীরা যুবলীগের দুই নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা দুই নেতার একজনের কান ও অন্যজনের পায়ের রগ কেটে দেন।
আহত ওই দুই নেতা হলেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউথখালী ওয়ার্ড যুবলীগের সভাপতি বাহাদুর হোসেন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আকমান সরদার। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে সন্ধ্যায় তাঁদের সেখান থেকে খুলনার ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও হামলার প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির অভিযোগ করেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাউথখালী গ্রামের একটি স্থানে বাহাদুর খান ও আকমান সরদার কথা বলছিলেন। এ সময় বিএনপি-জামায়াতের কর্মী জিল্লুর রহমান, জাহিদ হোসেন, ফরিদুল ইসলাম ও তাওহীদসহ বেশ কয়েকজন তাঁদের ওপর ধারালো অস্ত্রের সাহায্যে অতর্কিতে হামলা চালান। তাঁরা বাহাদুর খানের ডান কান কেটে ঝুলিয়ে দেন। অন্যদিকে আকমান সরদারের ডান চোখে লোহা ঢুকিয়ে ও ডান পায়ের রগ কেটে দেন। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিরু খান ও বাবুল খানের বাড়িতেও আগুন দেওয়ার চেষ্টা এবং এলাকার পাঁচটি দোকান ভাঙচুর করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক বিরোধে নয়, স্থানীয় বিরোধে বাহাদুর ও আকমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের কেউ জড়িত নন।’
যোগাযোগ করা হলে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রব বলেন, ‘হামলার ঘটনায় জামায়াতের কেউ জড়িত নন।’
উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সাউথখালী এলাকার মিরাজুল ইসলাম ও আলামিন রোববার জিয়ানগরে কলেজের বর্ষ সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সে সময় বাহাদুর ও আকমান তাঁদের মারধর করেন। এ ঘটনায় মিরাজ ও আলামিনের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর হামলা করেছেন।
এদিকে স্থানীয়রা জানান, মিরাজুল ও আলামিন বিএনপির কর্মী। এ ছাড়া হামলার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই থানায় কোনো মামলা হয়নি।