নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের রামনীরহাট বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ নামধারী এক পক্ষের হামলায় অন্য পক্ষের দুজন আহত হয়েছে।গত বৃহস্পতিবার দিবাগত রাত আটটায় এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয় বলে জানা গেছে। হামলায় আহত ব্যক্তিরা হলেন: মো. দুলাল ওরফে কিরিছ দুলাল (৩৫) ও তাঁর সহযোগী মো. সামছুদ্দিন (৩৪)। স্থানীয় লোকজন রাতেই তাঁদের উদ্ধার করে বেগমগঞ্জের ১০ শয্যা হাসপাতালে ভর্তি করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমনীহাট বাজার এলাকায় উন্নয়নকাজে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় যুবলীগ নামধারী মো. দুলাল ওরফে কিরিছ দুলাল ও মো. রাজুর মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে রমনীহাট বাজারের উত্তর পাশে ব্যক্তিমালিকানা একটি পাকা দেয়ালের নির্মাণকাজ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধে নতুন মাত্রা পায়।এর জের ধরে বৃহস্পতিবার রাত আটটার দিকে দুলালসহ তাঁর পক্ষের লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায় রাজুর পক্ষের লোকজন। হামলাকারীরা এ সময় দুলালকে কুপিয়ে ও তাঁর সহযোগী সামছুদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় দুলালের অন্য সহযোগীরা খবর পেয়ে বাজারে এলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু তখন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম বলেন, মারামারির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, পুলিশ গিয়ে কাউকে পায়নি। তা ছাড়া মারামারির ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি।