যুবলীগের কমিটিতে বঙ্গবন্ধুর খুনির ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের নতুন কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন আহমেদের চাচাতো ভাই আবির হোসেন তালুকদার ওরফে সজল সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হুমায়ূন কবির তালুকদারের সভাপতিত্বে গত শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠিত হয়।
এতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হুমায়ূন কবির তালুকদারকে সভাপতি, রাঙ্গাবালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবির হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক এবং মশিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদার, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম পেয়াদা।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর খুনির কোনো আত্মীয়ের নেতৃত্ব সংগঠনে মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধুর খুনিদের স্বজনেরা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনে অনুপ্রবেশকারী হিসেবে আশ্রয় নিচ্ছেন।
বড়বাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনির হোসেন বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের স্বজনদের এভাবে দল বা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রাখার অর্থ হলো তাঁদের পুনর্বাসিত করা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের নতুন সভাপতি হুমায়ূন কবির তালুকদার বলেন, ‘আবির হোসেন তালুকদার মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদের (অব.) আত্মীয়। তবে আবিরের বাবা আবুল কাসেম তালুকদার দীর্ঘদিন রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আবিরও ইউনিয়ন যুবলীগের দুবার সভাপতি হন।’
এ ব্যাপারে জানতে চাইলে এনামুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবির হোসেন তালুকদার আগে থেকেই রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। গত শনিবার সংগঠনের বিশেষ বর্ধিত সভায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। এ ক্ষেত্রে কারও কিছু করার ছিল না।
আবির হোসেন তালুকদার বলেন, ‘মহিউদ্দিন আমার চাচাতো ভাই ঠিক, কিন্তু তাঁর জীবদ্দশায় আমার সঙ্গে তাঁর দেখা হয়নি। আর আমি দীর্ঘদিন ধরে এ সংগঠনের সঙ্গে জড়িত। আমি কখনো অন্য কোনো দল করিনি।’