যুবলীগের কর্মীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মকরধজ গ্রামে গতকাল সোমবার বিকেলে যুবলীগের কর্মী শরীফ হোসেনকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শরীফ হোসেন সদর উপজেলার বাংগাখা ইউনিয়নের অবিরখিল গ্রামের মমিন উল্যার ছেলে।
এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, শরীফ হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বাংগাখা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফরহাদ হোসেনকে হত্যার চেষ্টা, জকসিন বাজারে সোনার গয়নার দোকানে চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে।
শরীফ ও পার্বতীনগরের রিপন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে শরীফকে খুন করা হতে পারে।
নিহত শরীফের বড় ভাই আরিফ হোসেন বলেন, গত ছয় মাস শরীফ বাড়িতে আসেননি। তিনি মকরধজ এলাকায় থাকতেন।
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুর রহমান জানান, শরীফ ও রিপন পার্বতীনগরে বিভিন্ন ডাকাতি ও অপহরণের ঘটনায় জড়িত ছিলেন। তিনিও তাঁদের ভয়ে রাতে এলাকা ছেড়ে জেলা শহরে থাকতেন। মাদক ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে শরীফ খুন হয়েছেন বলে তিনি শুনেছেন।