যুবলীগের কর্মীকে হত্যার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যুবলীগের কর্মী আমজাদ হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে আমজাদ হোসেনের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে বিএনপির কর্মী সজীবকে প্রধান আসামি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই যুবদল নেতা নজরুল ইসলামের সমর্থক।
এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর স্বামী আমজাদকে গত রোববার পাচরুখী বাজারে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ে গুলি করে হত্যা করে এবং তাঁর লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নিয়ে যায়।
মামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ বি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, সংঘর্ষে আমজাদ হোসেনের নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় যুবলীগের কর্মী আমজাদ হোসেন মোল্লাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে
হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা। এ ঘটনার পর আওয়ামী লীগেরে সমর্থকেরা বিএনপির দুই কর্মীর ছয়টি বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।