যুবলীগের কর্মীদের বিরুদ্ধে সড়কের কাজ বন্ধ করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় যুবলীগের কর্মীরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ও ৮ জুন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এ ঘটনা ঘটে ।
এই ঘটনায় চাঁদাবাজি, মারধর ও ভাঙচুর করার অভিযোগে পাকুন্দিয়া থানায় দুটি মামলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল মতিন বাদী হয়ে মামলা দুটি করেন। দুই মামলায় আসামি ১৫ জন। এঁরা যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এরই মধ্যে পুলিশ বিলাস মিয়া ও কামাল হোসেন নামে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর-টোক-ঢাকা সড়কের সম্প্রসারণকাজ চলছে। কাজটি পান মেসার্স রিজভী কনস্ট্রাকশন। ৮ জুন দুপুরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল মতিন মোটরসাইকেলে কাজের অগ্রগতি দেখতে বের হন৷ পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এলাকায় পৌঁছালে বিলাসের নেতৃত্বে সাত-আটজন ওই মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা মতিনকে মারধর করে সড়কের পাশে ফেলে চলে যান। এই ঘটনায় মতিন পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই বিলাসকে গ্রেপ্তার করে।
বিলাসকে গ্রেপ্তারের পর সাত-আটজন সহযোগী ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার সকালে গিয়ে সড়কের কাজ বন্ধ করে দেন। এ সময় তাঁরা ঠিকাদারের সুপারভাইজার সুলতান উদ্দিন, রোলার চালক এমদাদুল হকসহ কয়েকজন শ্রমিককে মারধর করেন এবং সড়কের কাজে ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করেন। ওই ঘটনার দায়ের করা মামলায় এরশাদ উদ্দিন, কামাল হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ কামালকে গ্রেপ্তার করে।
ব্যবস্থাপক মতিন বলেন, ‘অভিযুক্তরা নিজেদের যুবলীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিইনি বলে মারধর, ভাঙচুর করে এখন সড়কের কাজ বন্ধ করে রেখেছে।’ তবে পুলিিশ হেফাজতে কামাল হোসেন নিজেকে নির্দোষ দাবি করেছেন৷
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা সড়কের উন্নয়নকাজে বাধার সৃষ্টি করেছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।