যুবলীগের কার্যালয় টংদোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় জায়গা দখল করে গড়ে তোলা যুবলীগের কার্যালয়, আওয়ামী লীগের কর্মীদের ফলের বাজার, টংদোকানসহ অবৈধ স্থাপনা গতকাল বুধবার উচ্ছেদ করা হয়েছে। ওই এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গায় এসব স্থাপনা গড়ে তোলা হয়৷
উচ্ছেদ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান, সওজ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বসির উদ্দিন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক, কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল আহম্মেদ প্রমুখ।
সওজ ও এলাকার অনেকে জানান, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সওজ অধিদপ্তরের জায়গা দখল করে পাঁচ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলাম, যুবলীগের কর্মী বাবুল ওমর, আক্তার হোসেন, মজিদ খান, আমান খান, আকমল হোসেন, বাবুল মিয়ার একটি চক্র প্রত্যেক দোকানদারের কাছ থেকে ২৫ থেকে ৫০ হাজার টাকা করে অগ্রিম নেন৷ পরে তাঁরা প্রতিদিন এসব দোকান থেকে ২০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করতেন।
সওজের জায়গা দখল করে যুবলীগের কর্মীরা পাকা স্থাপনা গড়ে স্থানীয় কাঁচপুর ইউনিয়ন যুবলীগের স্থানীয় কার্যালয় স্থাপন করেন। কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে এসব অবৈধ স্থাপনা নির্মাণের কারণে এ এলাকায় যানজট লেগেই থাকত৷
নজরুল, বাবুল ও আমান জানান, একসময় এ জায়গা তাঁদের পৈতৃক সম্পত্তি ছিল৷ পরে সওজ কর্তৃপক্ষ এ জায়গা অধিগ্রহণ করে৷ এ কারণে তাঁরা জায়গাটি দখল করে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছিলেন।
জহিরুল ইসলাম জানান, সওজের জায়গা দখল করে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা দীর্ঘদিন ধরে দোকানপাট ও ফলের বাজার বসিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন। অভিযানে পাঁচ শতাধিক ছোট-বড় দোকান ও যুবলীগের কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।