চট্টগ্রামে যুবলীগের নেতা হুমায়ুন কবির ওরফে মুরাদ হত্যা মামলায় যুবলীগের ছয়জন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। যুবলীগের ছয় নেতা-কর্মী হলেন খোকন চন্দ্র তাঁতী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, যুবলীগের কর্মী গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাসুম ও মোহাম্মদ সুমন। আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যুবলীগের নেতা মুরাদ হত্যা মামলায় খোকন চন্দ্র তাঁতীসহ ছয় আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন খুলশী থানার পুলিশ।’
গত বছরের ২৮ অক্টোবর নগরের পাহাড়তলী রেলক্রসিং এলাকায় যুবলীগের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মনি বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে নগরের খুলশী থানায় মামলা দায়ের করেন। ১৭ ফেব্রুয়ারি যুবলীগের ছয়জন নেতা-কর্মী আদালতে আত্মসমপর্ণ করলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।