যুবলীগের তিন নেতার বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল মঙ্গলবার শিডিউল ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের তিন নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা। ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর এক কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকার কাজের দরপত্র-প্রক্রিয়া স্থগিত করে প্রশাসন।
যুবলীগের ওই তিন নেতা হলেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিক আলী, সদস্য ইউসুফ আলী ও শামীমুর রহমান। তাঁদের মধ্যে আশিক ঠিকাদারি প্রতিষ্ঠান হাওয়া এন্টারপ্রাইজের অন্যতম মালিক। ইউসুফ কনস্ট্রাকশনের মালিক ইউসুফ। তাঁদের বিরুদ্ধে অভিযোগকারী মোহাম্মদ আলী জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, এক কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লামাকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এ জন্য সিলেটে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঁচটি ও তাঁর কার্যালয় থেকে চারটি প্রতিষ্ঠান শিডিউল কেনে। এর মধ্যে আশিক এন্টারপ্রাইজ, ইউসুফ কনস্ট্রাকশন ও মেসার্স জবা এন্টারপ্রাইজও রয়েছে।
এদিকে জবা এন্টারপ্রাইজ ও মেসার্স তৈয়বুর রহমান নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শিডিউল জমা দিতে গতকাল উপজেলা পরিষদ ভবনে এলজিইডির কার্যালয়ের উদ্দেশে রওনা হন খলিলুর রহমান নামের এক ব্যক্তি। খলিলুর অভিযোগ করে বলেন, শিডিউল জমা দিতে যাওয়ার পথে উপজেলা পরিষদের ফটকের সামনে যুবলীগের নেতা আশিক, ইউসুফ ও শামীমুর রহমান তাঁর কাছ থেকে দুটি শিডিউল ছিনতাই করেন। এ সময় তাঁরা চিৎকার দিয়ে বলেন, ‘হাওয়া এন্টারপ্রাইজ ও ইউসুফ কনস্ট্রাকশন ছাড়া কারও শিডিউল জমা হবে না।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শিডিউল ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে জবা এন্টারপ্রাইজের লোকজন জড়ো হয়ে যুবলীগের নেতাদের ধাওয়া দেন। এ সময় তাঁরা ইউসুফ আলীকে পেয়েও যান। সরকারি কর্মকর্তারা মধ্যস্থতা করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে যুবলীগের তিন নেতাই শিডিউল ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন। দরপত্র কমিটির সভাপতি ইউএনও সোনামণি চাকমা বলেছেন, শিডিউল ছিনতাইয়ের অভিযোগ পাওয়ায় দরপত্র-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।