যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকায় গত মঙ্গলবার রাতে যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার প্রতিবাদে গতকাল বুধবার উপজেলার নুনাছড়া এলাকায় প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
যুবলীগের আহত কর্মীরা হলেন সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া গ্রামের ইউছুফ আলী (২৫) ও কলাবাড়িয়া এলাকার ফিরোজ খান (২৫)। ইউছুফকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও ফিরোজ খানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বোনের বিয়ের দাওয়াত দিতে উপজেলার গুলিয়াখালী এলাকায় যান যুবলীগের কর্মী ফিরোজ খান ও তাঁর বন্ধু ইউছুফ আলী। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের দুজনকে কুপিয়ে আহত করে। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, হামলার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা গতকাল সকাল নয়টার দিকে নুনাছড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অবরোধ তুলতে ব্যর্থ হয়। পৌনে এক ঘণ্টা অবরোধের পর উপজেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বলেন, হামলার প্রতিবাদে যুবলীগের কর্মীরা নুনাছড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পরে তিনি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় এখনো মামলা হয়নি।