যুবলীগের দুই নেতা জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গিয়ে শটগানসহ আটক যুবলীগের নেতা সোহেল পারভেজ ও রিয়াজ মিনাকে গতকাল সোমবার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। বিকেলে তাঁরা জামিনে মুক্তি পান।
সোহেল ও রিয়াজ রোববার ১৪-১৫ জন সহযোগী নিয়ে অস্ত্রশস্ত্রসহ ডিইপিজেডের শান্তা ডেনিমস নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে যান। নিরাপত্তাকর্মীরা তাঁদের দুজনকে একটি শটগানসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। রোববার রাতে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ডিইপিজেডের সহকারী নিরাপত্তা কর্মকর্তা গোলাম হায়দার।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ডিইপিজেড কর্তৃপক্ষ মামলা না করায় যুবলীগের দুই নেতাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। তাঁদের কাছে পাওয়া শটগানটির লাইসেন্স থাকলেও অবৈধভাবে ডিইপিজেডের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশ করায় তা জব্দ করা হয়েছে।