যুবলীগের দুই নেতার বিরুদ্ধে সেই মার্কেটের ইট চুরির অভিযোগ
বগুড়ার ধুনটে সরকারি জায়গায় নির্মাণাধীন মার্কেটের দোকান ভেঙে ইট চুরি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এক দোকানমালিক গত মঙ্গলবার বাদী হয়ে যুবলীগের দুই নেতার বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।যুবলীগের যে দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম মুহিত। দোকানের মালিক আবদুস ছোবাহান তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান দাবি করেন, এই দুই যুবলীগের নেতাকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ধুনট বাজারের জিরো পয়েন্টে সরকারি জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান অবৈধভাবে মার্কেটের নির্মাণকাজ করছিলেন। এই নির্মাণাধীন মার্কেটের দোকানঘর বরাদ্দ দিয়ে তিনি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগ পেয়ে বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান চিঠি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনিকে মার্কেটের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। আতাউল গনি ২৭ অক্টোবর থানা পুলিশের সহযোগিতায় মার্কেটের নির্মাণকাজ বন্ধ করে দেন। এ নিয়ে প্রথম আলোয় কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছে। দোকানমালিকেরা জানান, তাঁরা ১০ হাজার টাকা সেলামি দিয়ে দোকানঘর বরাদ্দ নিয়েছিলেন এবং তাঁদের টাকা দিয়ে দোকান নির্মাণের কাজ শুরু করেছিলেন। গত ৫ নভেম্বর রাতে ১০-১২ জন লোক মার্কেটের কাজ বন্ধ থাকার সুযোগে ১০-১২টি দোকান ভেঙে ইট চুরি করে নিয়ে যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক জানান, ঘটনার পর অনুসন্ধান করে উপজেলার চালাপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও চান্দিয়ার গ্রামের হাছেন আলীর বাড়ি থেকে চুরি যাওয়া ইটগুলো দেখা যায়। সেখানকার লোকজন জানায়, ইটগুলো সাইদুল, মুহিত ও জাহাঙ্গীর রেখে গেছেন। যুবলীগের নেতা সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি লেবার নই, এত ইট অল্প সময়ে আমার পক্ষে ভাঙা সম্ভব নয়। উপজেলা চেয়ারম্যান নিজেদের লোক দিয়ে রাতের আঁধারে ইট চুরির ঘটনা সাজিয়ে আমাকে ফাঁসিয়ে নাটক তৈরি করে জনগণের দৃষ্টি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, চুরি যাওয়া কিছু ইট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।