যুবলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা, আহত ২
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে কুপিয়ে আহত ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার নির্মাণকাজের ঠিকাদারি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানের সঙ্গে একই এলাকার যুবলীগের নেতা ও সাবেক ইউপি সদস্য আলী আকবরের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যুবলীগের নেতা মাসুদুর রহমানের চাচাতো ভাই মিন্টু মিয়ার নেতৃত্বে যুবলীগের সাত-আটজন কর্মী আলী আকবরের পক্ষের জসিম উদ্দিন ও ফারুক মিয়াকে কুপিয়ে আহত করেন। রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আলী আকবরের পক্ষের লোকজন মাসুদুর রহমানের পক্ষের মিন্টু মিয়াসহ তিনজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।