যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৫
আধিপত্য বিস্তার ও ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা শিল্পনগর এলাকায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প-কারখানার ঝুট ব্যবসা ও মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের সামগ্রী সরবরাহের ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানের সঙ্গে একই এলাকার যুবলীগের নেতা সাহাবউদ্দিন প্রধানের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিরাজুল ইসলাম, দ্বীন ইসলাম, সেলিম মিয়াসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, ঠিকাদারি ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।