যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১ নম্বর চর আবাবিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে যুবলীগের কর্মী শামছুদ্দিন বেপারীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে হায়দরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, কয়েক দিন আগে ১ নম্বর চর আবাবিল ইউনিয়নে রাশেদুল হায়দারকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। কমিটি গঠনকে কেন্দ্র করে তিন দিন ধরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি মঞ্জুর হোসেনের লোকজন ও চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন গাজীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঞ্জুরের পক্ষের লিটন বেপারি চাপাতি দিয়ে মহিউদ্দিন গাজীকে কোপান।