যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মানজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল সোমবার যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় যুবলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম (২০), সহসভাপতি রাসেল মিয়া (১৯), উপজেলা যুবলীগের সদস্য জান্নাতুল রেজওয়ান (৫০), ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক দেলোয়ার হোসেন (৫১) ও যুবলীগের কর্মী মিনহাজ (৪৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী, যুবলীগ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে মানজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে আলোচনা চলছিল। এতে সভাপতি প্রার্থী রেজাউল হক ও ফজলুল হকের পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউলের পক্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান এবং ফজলুলের পক্ষে যুবলীগের সদস্য কামাল হোসেনের পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কামাল ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে কুপিয়ে আহত করেন। এ সময় ভয়ে শিক্ষার্থীরা চলে যাওয়ায় পাঠদান বন্ধ হয়ে যায়।
ফজলুল হক বলেন, ‘বিদ্যালয়টির জমিদাতা হিসেবে কমিটির সভাপতি প্রার্থী হলে প্রতিপক্ষ হামলা করে।’
রেজাউল হক বলেন, তিনিও জমিদাতা। সভাপতি পদ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ তাঁদের লোকজনকে কোপায়।
ওই ঘটনায় সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ডোয়াইল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান। আরও বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। লিখিত বক্তব্যে যুবলীগের সদস্য কামালসহ তাঁর সহযোগীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দেওয়া হয়।
কথা বলার জন্য যুবলীগের সদস্য কামাল হোসেনের মুঠোফোনে ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।