যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে গতকাল বুধবার দুপুরে স্থানীয় যুবলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুজন কনস্টেবলসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১৯টি শেল নিক্ষেপ করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এনামুল কবির গতকাল দায়িত্ব নিতে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন। বেলা একটার দিকে তিনি সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজারে এলে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা-সমর্থিত যুবলীগের নেতা-কর্মী ও এনামুল কবিরের সমর্থকেরা তাঁকে গাড়ি থেকে নামতে অনুরোধ করেন। কিন্তু এনামুল কবির গাড়ি থেকে না নেমেই তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন। তিনি জাউয়াবাজার থেকে বের হওয়ার পর তাঁর সমর্থকেরা বাজারে একটি মিছিল বের করলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ১৯টি শেল নিক্ষেপ করে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সী, এএসআই নূর উদ্দিন, কনস্টেবল আবদুস সালাম ও মমতু মিয়া আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আধা ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে যুবলীগের উভয় পক্ষের আরও ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রসক আলী (৭০), আইন উদ্দিন (২৫), আবুল আবেল (২৮), আনোয়ার হোসেন (২৭), আজির উদ্দিন (২৬) ও রুহুল মিয়াকে (২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।এ ব্যাপারে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের ১৯টি শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় ওসিসহ চারজন পুলিশ সদস্য আহত হন। এখন পরিস্থিতি শান্ত আছে। জাউয়াবাজারে পুলিশ মোতায়েন রয়েছে।