যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের জিরো পয়েন্ট এলাকায় গতকাল মঙ্গলবার যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন৷ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ সাংবাদিকেরা বেলা দেড়টা পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন৷ জিরো পয়েন্টে তাৎক্ষণিক প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ২৪ ঘণ্টার মধ্য ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ব্যবস্থা গ্রহণের সময়সীমা বেঁধে দিয়েছেন৷
আহত সাংবাদিকেরা হলেন চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরোর প্রধান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন রেজা ও ফটোসাংবাদিক খায়রুল আলম৷
এলাকাবাসী জানান, নগরের জিরো পয়েন্ট এলাকার দখল, আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের হাফিজ শেখ ও নাজমুল সরদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল৷ গতকাল সকালে নাজমুল তাঁর লোকজন নিয়ে শহরতলির জিরো পয়েন্টে বাগেরহাট পরিবহন মালিক সমিতির একটি অফিস উদ্বোধন করতে যান। হাফিজুর রহমানের নেতৃত্বে শতাধিক লোকজন তাঁদের ওপর হামলা চালায়৷ এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরু হওয়ার আগে থেকেই মামুন রেজা ও খায়রুল আলম খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে অতিরিক্ত যাত্রী নিয়ে পরিবহন চলাচলের ওপর একটি প্রতিবেদনের জন্য ভিডিওচিত্র ধারণ করছিলেন৷ হঠাৎ হাফিজের লোকজন তাঁদের ওপর হামলা চালায় ও ক্যামেরা ভাঙচুর করে। হামলায় খায়রুলের মাথা ফেটে যায় ও মামুনের শরীরের বিভিন্ন স্থান জখম হয়। হাফিজের লোকজন নাজমুলের বািড় ও স্থানীয় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে নির্বিচারে ভাঙচুর করে। সংঘর্ষ ও হামলার ঘটনায় ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম সরদার, আবদুল্লাহ, ওলিউল্লাহ, সুলতান শিকদার, ফারুক আলম, মাহমুদুল হাসান, ইমরানসহ ১৭ জন আহত হন৷
মামুন রেজা প্রথম আলোকে বলেন, সংঘর্ষ শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই হাফিজের শ্যালক বিএনপি নেতা তৈমুরের নেতৃত্বে হাফিজ পক্ষের লোকজন খায়রুল ও তাঁর ওপর হামলা চালায়৷
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জাির বিভাগের সহকারী রেজিস্ট্রার জুয়েল জানান, লাঠির আঘাতে খায়রুলের মাথা ফেটে গেছে। তিনি আশঙ্কামুক্ত নন। রেজার শরীরের বিভিন্ন স্থানে জখম থাকলেও তিনি শঙ্কামুক্ত।
হাফিজ শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে বাস কাউন্টারটি আমাদের দখলে ছিল৷ আজ নাজমুলের লোকজন এটি দখল নিতে এলে আমাদের ছেলেরা তাদের বাধা দেয়। তখন মামুন ভাইয়েরা ওই খানে দাঁড়িয়ে ছিলেন। আমাদের ছেলেরা ভেবেছে নাজমুল ভিডিও করাচ্ছে। তখন ছেলেরা মামুন ভাইকে মেরেছে। ওরা না বুঝে ওই কাজ করেছে। মামুন ভাই চাইলে আমি ক্যামেরা কিনে দেব।’