যুবলীগের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত জেলা কমিটি নিয়ে মেহেরপুর জেলা যুবলীগের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। কমিটির বৈধতা ও অবৈধতা নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনে জেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সকালে শহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে যুবলীগের সভাপতির বিরুদ্ধে বিষোদ্গার এবং তাঁর নেতৃত্বাধীন কমিটি বাতিলের দাবি করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রধান সড়ক অবরোধ করে এই সমাবেশে বক্তব্য দেন যুবলীগ নেতা শহীদুল ইসলাম ও জনি। অন্যদিকে অপর অংশের নেতা জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম সংবাদ সম্মেলনে বলেন, ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি থেকে কয়েকজন নেতা পদত্যাগ করতেই পারেন। সংবাদ সম্মেলনে উপস্থিত পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যুবলীগ নেতা শহীদুল ইসলাম একাধিক হত্যা মামলার আসামি। এখন রাজনীতিকে পুনরায় সন্ত্রাসনির্ভর করতে সে আবার নতুন ষড়যন্ত্রে মেতেছে।’