যুবলীগের নেতা গুলিবিদ্ধ পাঁচ দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানকে গুলি করার ঘটনায় পাঁচ দিন পর গতকাল শনিবার সকালে মামলা হয়েছে। হাবিবুর রহমানের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ওই মামলা করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সোয়া ১০টার দিকে শহরের পেয়ারাতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হাবিবুর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় দুর্বৃত্তরা পালানোর সময় আসাদুল ইসলাম নামে এক নৈশপ্রহরীকে গুলি করে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় ব্যক্তিদের ধাওয়ায় তুহিন নামে এক সন্ত্রাসী নালায় পড়ে গেলে তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর অভিযান চালিয়ে পুলিশ মামুন নামে আরও একজনকে আটক করে। দুজনকেই পুলিশ গত বুধবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল ইসলাম জানান, গতকাল শফিকুল ইসলামের দায়ের করা মামলায় তুহিন ও মামুনকে আসামি করা হয়েছে। তাঁদের শোন অ্যারেস্ট দেখানো হবে। তবে হান্নান বিশ্বাস নামে একজনকে ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে।