যুবলীগের নেতাকে কোপাল দলের কর্মীরা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জলাশয় ইজারার দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগের কর্মীরা নিজ দলের এক ঠিকাদারকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। আহত শেখ মানিক (৩৪) জেলা যুবলীগের সদস্য। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সওজের নাটোর কার্যালয়ের প্রধান ফটকে পুলিশের সামনে এ ঘটনা ঘটে। এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নাটোর শহরের কানাইখালী মহল্লা থেকে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুস সামাদ (২৫) ও কামাল হোসেন (২২)। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাঁরা হামলা করেছেন, তাঁরা পৌর যুবলীগের কর্মী।নাটোর থানা ও সওজ সূত্র জানায় সওজের নাটোর-বগুড়া মহাসড়কের দুই পাশের জলাশয় ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা পর্যন্ত। যুবলীগের নেতা শেখ মানিক দরপত্র জমা দিতে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে সওজের নাটোর কার্যালয়ে যান। প্রধান ফটকের সামনে এলে সামাদ, কামালসহ যুবলীগের পাঁচ-ছয়জন কর্মী তাঁর পথরোধ করে দরপত্র জমা দিতে নিষেধ করেন। মানিক এতে রাজি না হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে ওই যুবকেরা চাপাতি ও ক্ষুর দিয়ে তাঁর মাথা ও পায়ে অনেকগুলো কোপ দেন। এ সময় সেখানে পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তাঁরা নীরব ভূমিকা পালন করেন। পরে ওই যুবকেরা মানিকের মোটরসাইকেল, দরপত্র, মুঠোফোনের সেট, টাকা ও ব্যাংকের চেক নিয়ে চলে যান। গুরুতর আহত মানিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।